দেশে তথ্য অধিকার আইন সম্পর্কে জানেন, এমন নাগরিকের হার সাড়ে ১০ শতাংশ। ২০১৯ সালে এ হার ছিল ৭ দশমিক ৭ শতাংশ। আইন সম্পর্কে সচেতনতা কিছুটা বাড়লেও তথ্য চেয়ে আবেদন করেছেন, এমন মানুষের হার খুবই কম।তথ্য অধিকার নিয়ে একটি জাতীয় জরিপে এ চিত্র উঠে এসেছে। সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) ও তথ্য অধিকার ফোরামের করা এই জরিপে ৩ হাজার ২০০ নাগরিক অংশ নেন।
এ ছাড়া তথ্য প্রদানকারী কর্মকর্তা ও আপিল কর্তৃপক্ষের সাক্ষাৎকার, আলোচনা সভা এবং তথ্য কমিশনের ১০০টি সিদ্ধান্ত বিশ্লেষণ করা হয়েছে। বৃহস্পতিবার এমআরডিআইয়ের ফেসবুক পেজে জরিপের ফল প্রকাশ করা হয়।জরিপে দেখা যায়, আইন সম্পর্কে সচেতন নাগরিকদের মধ্যে মাত্র ৪ দশমিক ৬ শতাংশ কখনো না কখনো তথ্য চেয়ে আবেদন করেছেন। ২০১৯ সালে এ হার ছিল ২ দশমিক ৮ শতাংশ।
জরিপে অংশ নেওয়া প্রায় ৭২ শতাংশ অংশগ্রহণকারী বলেছেন, সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে তাঁদের এখন বা ভবিষ্যতে তথ্যের প্রয়োজন হতে পারে।স্থানীয় সমস্যা সমাধানে তথ্যের ভূমিকা সম্পর্কেও নাগরিকদের ইতিবাচক ধারণা রয়েছে।
সূত্র: প্রথম আলো