বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় রাজধানীর ভাটারা থানায় করা মামলায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে তাঁর কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।
ভাটারা থানার মামলায় দীপংকর তালুকদারকে হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার চেম্বার বিচারপতি মো. রেজাউল হক ‘নো অর্ডার’ (কোনো আদেশ নয়) দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদি হাসান।
আর দীপংকর তালুকদারের পক্ষে ছিলেন আইনজীবী অনাবিল আনন্দ রায়।আইনজীবী সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাচেষ্টার অভিযোগে ভাটারা, পল্টন মডেল ও বংশাল থানার পৃথক তিনটি মামলায় গত ২০ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান দীপংকর তালুকদার।
সূত্র: প্রথম আলো