টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আকিরা কুরোসাওয়া পুরস্কারে সম্মানিত হচ্ছেন জাপানি নির্মাতা ও মিপো এবং ইরানি চলচ্চিত্রকার মোহাম্মদ রাসুলফ। অক্টোবরের শেষ সপ্তাহে বসবে উৎসবের ৩৯তম আসর। চলতি বছর পুরস্কার নির্বাচনে যুক্ত ছিলেন নির্মাতা ইয়ামাদা ইয়োজি ও লি সাং-ইল, চিত্রগ্রাহক আশিজাওয়া আকিকো এবং উৎসবের প্রোগ্রামিং ডিরেক্টর ইচিয়ামা শোজো। ওসাকা ইউনিভার্সিটি অব আর্টস থেকে পড়াশোনা শেষ করে চলচ্চিত্রে যুক্ত হন ও মিপো।
২০০৬ সালে দি সাকাইস হ্যাপিনেস চলচ্চিত্রের মাধ্যমে পূর্ণদৈর্ঘ্য পরিচালনায় আত্মপ্রকাশ। এই চলচ্চিত্রের চিত্রনাট্য সানড্যান্স/এনএইচকে ইন্টারন্যাশনাল ফিল্মমেকার্স অ্যাওয়ার্ড লাভ করে। ২০১৪ সালে তাঁর নির্মিত দি লাইট শাইনশ অনলি দেয়ার মন্ট্রিল ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পরিচালকের পুরস্কার অর্জন করে। জাপানসহ আন্তর্জাতিক অঙ্গনে মোট ৬০টি পুরস্কার পায় এই ছবি।
নির্বাচক কমিটির মূল্যায়নে, ও মিপো সমাজের প্রান্তে থাকা মানুষদের জীবনকে সাদা-কালো নৈতিকতার সহজ ছকে ফেলে দেখেন না; বরং তাঁদের অস্তিত্বকে দেখেন বহুস্তরীয় মানবিক বাস্তবতায়।মোহাম্মদ রাসুলফ সমাজবিজ্ঞান অধ্যয়নের পর প্রামাণ্যচিত্র নির্মাণে যুক্ত হন।
সূত্র: প্রথম আলো