ঢাকা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনবহুল শহর। ৫৬৫ বর্গমাইল ঢাকায় ৩ কোটি ৬৬ লাখ মানুষ বসবাস করে। রাস্তায় শুধু মানুষ আর মানুষ। রাস্তায় মানুষ, হর্ন, ভিড়—অতিষ্ঠ এই যান্ত্রিক শহর থেকে মুক্ত হতে এবার ঘুরে এলাম বান্দরবানের বগালেক, কেওক্রাডং ও সুনসাংপাড়া। এবার আমাদের ভ্রমণের সহযাত্রী আমরা সাতজন। বৃহস্পতিবার রাত ১১টার বাসে করে আমরা ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশে রওনা দিই।
শুক্রবার সকাল ৮টায় বান্দরবান বাসস্ট্যান্ড নেমে একটা রেস্তোরাঁয় ফ্রেশ হয়ে বগালেক, কেওক্রাডং, সুনসাংপাড়া যাওয়ার জন্য চাঁদের গাড়ি ভাড়া নেওয়ার খোঁজ শুরু করি। কেওক্রাডং যাওয়ার জন্য এখানে একটা কাউন্টার আছে, যেখান থেকে চাঁদের গাড়িগুলো ভাড়া পাওয়া যায়। মোটামুটি দামাদামি করে ১৭ হাজার টাকায় একটা চাঁদের গাড়ি ভাড়া নিই দুই দিনের জন্য। চাঁদের গাড়ি বলতে মূলত চার চাকায় শক্তি আছে, এমন গাড়িকে বোঝায়, যা পাহাড়ে চলাচল করে।
আমাদেরটা মূলত ল্যান্ড ক্রুজার মডেলের।
সূত্র: প্রথম আলো