সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি সপ্তাহে ফ্লাইদুবাইয়ের ফ্লাইটের জরুরি অবতরণের প্রাথমিক তদন্তে দেখা গেছে, ক্যাপ্টেনের ওপর সহকারী পাইলট (কো-পাইলট) শারীরিকভাবে আক্রমণ করেছেন। এতে দুজনেই আহত হয়েছেন।গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয় জানায়, দুবাই থেকে তেল আবিবগামী এই ফ্লাইটের প্রাথমিক তদন্ত চালিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
ওই তদন্তে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি নিরাপত্তা দলও অংশ নেয়।ফ্লাইদুবাই ফ্লাইট এফজেড১০৭৩ গত বুধবার সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েল যাওয়ার পথে সহিংস ঘটনা ঘটে।
এ অবস্থায় উড়োজাহাজটিকে সৌদি আরবের তাবুকের প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করাতে হয়।ফ্লাইদুবাই কর্তৃপক্ষ ওই দিন বলেছিল, ‘ককপিটে বাগ্বিতণ্ডার ঘটনা ঘটেছিল’ এবং ক্রু সদস্যরা উড়োজাহাজটিকে সুরক্ষিত করে নিরাপদে পথ পরিবর্তন করে নেন।সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, উড়োজাহাজটিকে জরুরি অবতরণের অনুমতি দেওয়ার পর স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে (জিএমটি ০৬:৪৫) ১৭৪ জন যাত্রী এবং আটজন ক্রু সদস্য নিয়ে এটি তাবুকে ‘নিরাপদে’ অবতরণ করে।
সূত্র: প্রথম আলো