মদনটাক পাখি ৩০-৪০ বছর আগে দেশের সর্বত্রই কমবেশি দেখা যেত। সেই পাখি এখন দুর্লভ হয়ে উঠেছে। সুন্দরবন, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁওয়ের কয়েকটি এলাকায় কদাচিৎ দেখার খবর মেলে।২০২১ সালের শীতে আমি প্রথম মদনটাক পাখির ছবি তুলি। জায়গাটি ছিল চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চড়ইল বিলের পাশে। এ দেশে পাখির খবর যাঁরা রাখেন, তাঁরা প্রত্যেকে চাঁপাইনবাবগঞ্জের এই বিলের খবর জানেন। ভারতের সীমান্ত বরাবর এই বিল।
এই বিলের আশপাশে প্রায় সারা বছরই মদনটাক থাকে। রাজশাহী থেকে নুরু মাঝিকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম চড়ইল বিলে। যাওয়ার অন্যতম লক্ষ্য ছিল মদনটাক দেখা। নুরু মাঝি নিজেও পাখির আলোকচিত্রী।চড়ইল বিলে গিয়ে অনেক পাখি দেখলাম; কিন্তু মদনটাক দেখতে না পেয়ে মনটা খারাপ হয়েছিল। নুরু মাঝিকে বললাম সে কথা। তখন নুরু মাঝি আমাকে নিয়ে বিলসংলগ্ন একটি সমতলভূমিতে নিয়ে গেলেন। সেই স্থান নো ম্যানস ল্যান্ডের কাছে। বাংলাদেশ অংশে মানুষ চাষাবাদের কাজ করছে।
সেখান থেকে নুরু মাঝি আমাকে দূরের নো ম্যানস ল্যান্ডের গাছে মদনটাক দেখালেন।
সূত্র: প্রথম আলো