শরতের ঝকঝকে রোদ গায়ে মেখে সকাল থেকেই শিক্ষার্থীরা সমবেত হচ্ছিল বরিশাল নগরের কীর্তনখোলা তীরের শিল্পকলা একাডেমি চত্বরে। কেউ সেলফি তুলছে, কেউ থ্রি–ডি গেমসে মেতেছে। কেউ আবার সহপাঠী-বন্ধুদের সঙ্গে আড্ডায় ব্যস্ত। সঙ্গে এসেছেন অভিভাবকেরাও।আজ শুক্রবার সকাল থেকেই উৎসবমুখর হয়ে ওঠে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। সকাল ১০টায় শুরু হয় ‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬’।
তবে সকাল সাড়ে ৮টা থেকেই জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে কীর্তনখোলা তীরের এ প্রাঙ্গণ।সড়ক যোগাযোগবিচ্ছিন্ন মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী সাদিয়া তাসনিমের কণ্ঠে ছিল উচ্ছ্বাস। সে বলল, ‘পরীক্ষার পর বান্ধবীরা আবার একত্র হওয়ার সুযোগ পেলাম।’সাদিয়ার মতোই উচ্ছ্বসিত গৌরনদীর টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী আফিফা তাবাসসুম।
সে বলল, ‘আজকের দিনটা শুধু আমাদের এবং আমাদেরই।’আফিফার সঙ্গে কণ্ঠ মেলায় তার বান্ধবীরাও।
সূত্র: প্রথম আলো