সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলার ঘটনা নিয়ে এখনো অনেক প্রশ্নের উত্তর মেলেনি। উড়োজাহাজটির সহকারী পাইলট কেন প্রধান পাইলটকে ছুরিকাঘাত করেছিলেন, তাঁর উদ্দেশ্য কী ছিল কিংবা তিনি উড়োজাহাজটি নিয়ে কী করতে চেয়েছিলেন—এসব প্রশ্নের স্পষ্ট উত্তর এখনো অজানা।
ঘটনার প্রকৃত কারণ নিয়ে এখনো ধোঁয়াশা থাকলেও ফিরে আসা যাত্রীদের স্বাগত জানানোর মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘটনাটিকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছেন। তাঁর দাবি, বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে যে অপপ্রচার চলছে, এই হামলা তারই এক অনিবার্য পরিণতি।এ ঘটনার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত করে বলার সময় আসেনি বলে স্বীকার করেছেন নেতানিয়াহু। এরপরও তিনি এ ঘটনায় ইরান ও তাদের মিত্র গোষ্ঠীগুলোর দিকে আঙুল তুলেছেন।
তিনি দাবি করেছেন, বিদেশে ইসরায়েলি নাগরিকদের ওপর হামলা জোরদার করতে ইরান ও মিত্র গোষ্ঠীগুলো মরিয়া হয়ে উঠেছে।চলতি মাসের শেষের দিকে ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সূত্র: প্রথম আলো