সকাল থেকেই নওগাঁ সদর ও জেলার বিভিন্ন উপজেলা থেকে শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলে আসতে শুরু করে। পরিচিত মুখ দেখলেই কেউ ছুটে গিয়ে বন্ধুকে জড়িয়ে ধরছিল, কেউ হাত মেলাচ্ছিল। কেউ আবার মুঠোফোনের ক্যামেরায় ধরে রাখছিল দীর্ঘদিন পর দেখা হওয়ার মুহূর্ত। বন্ধুদের কেউ কেউ বলছিল, ‘কী রে, কেমন আছিস?’ একই বিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া যমজ দুই বোন শুভমিতা রায় ও সমাদ্রিতা রায়ও এসেছিল অনুষ্ঠানে।
শুভমিতা বলে, ‘আমাদের সাফল্য উদ্যাপন করতে এত বড় আয়োজন। এখানে এসে অনেক ভালো লাগছে। এই দিনটার অপেক্ষায় ছিলাম। অনেক বান্ধবীর সঙ্গে দীর্ঘদিন পর দেখা হলো। ওদের সঙ্গে আড্ডা হবে, আনন্দ হবে। অনেক মজা করব।’নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় ‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনা’।
নওগাঁ বন্ধুসভার সদস্য পারমিতা রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর নওগাঁ প্রতিনিধি ওমর ফারুক।
সূত্র: প্রথম আলো