ঢাকার দোহারের রাধানগর গ্রামে এক মাসের ব্যবধানে মা–বাবা হারানো পাঁচ বোনের পাশে দাঁড়িয়েছেন বিএনপির স্থানীয় সংসদ সদস্য (এমপি) খন্দকার আবু আশফাক এবং ‘আমরা বিএনপি পরিবার’। দুটি পৃথক প্রতিনিধিদল আজ শুক্রবার পরিবারটির সঙ্গে দেখা করে আর্থিক সহায়তা দিয়েছে।দীর্ঘদিনের অভাব-অনটন ও ঋণের চাপে মাত্র ৩১ দিনের ব্যবধানে আত্মহত্যা করেন কৃষক আবুল কালাম আজাদ ও তাঁর স্ত্রী ফরিদা বেগম। প্রথমে ফরিদার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
এক মাস পর ২৯ সেপ্টেম্বর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় তাঁর স্বামী আজাদের। এই দম্পতি পাঁচ বছরের এক কন্যাশিশুসহ পাঁচ মেয়ে রেখে গেছেন।আজ দুপুরে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাধানগর গ্রামে ওই দম্পতির বাড়িতে যায়।
প্রতিনিধিদলটি জানায়, গত ২৯ সেপ্টেম্বর প্রথম আলোর অনলাইন সংস্করণে ‘এক মাসের ব্যবধানে মা–বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভাবের সংসারে পাঁচ মেয়ের কী হবে’ শিরোনামের প্রতিবেদনটি প্রকাশ হওয়ার পর বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়।প্রতিবেদনটি দেখে প্রধানমন্ত্রী তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে ওই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য একটি প্রতিনিধিদল পাঠানোর নির্দেশ দেন।
সূত্র: প্রথম আলো