সেপ্টেম্বর মাসে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সারা দেশে অন্তত ৭০ জন সংবাদকর্মী শারীরিক হামলা, গ্রেপ্তার, আইনি হয়রানি, হুমকি ও বাধার শিকার হয়েছেন। সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টসের (বিএজে) সেপ্টেম্বর ২০২৬-এর পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। শুক্রবার বিএজের গবেষণা ও মনিটরিং সেলের সম্পাদক মাহমুদুল হাছানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিবেদনটি প্রকাশের কথা জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, আক্রান্ত সংবাদকর্মীদের মধ্যে ৪০ জন শারীরিক হামলা ও আঘাতের শিকার হয়েছেন। আটজন আইনি হয়রানির মুখোমুখি হয়েছেন। আর ২২ জন সরাসরি হুমকি, হেনস্তা ও পেশাগত কাজে বাধার শিকার হয়েছেন।প্রতিবেদনে সাংবাদিকদের ওপর হামলার কয়েকটি ঘটনার উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, কক্সবাজারে এক সাংবাদিকের পরিবারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে স্থানীয় একটি কিশোর গ্যাং।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গ্যাংয়ের সদস্যরা কিরিচ ও হাতুড়ি নিয়ে হামলা চালান।
সূত্র: প্রথম আলো