রাজধানী প্যারিস ছাড়িয়ে ফ্রান্সের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের বিক্ষোভ। শিক্ষক আর শ্রেণিকক্ষের সংকট, জরাজীর্ণ ভবন এবং তহবিল বরাদ্দ নিয়ে বিভিন্ন দাবিতে দেশটির সাত শর বেশি হাইস্কুলের শিক্ষার্থীরা রাজপথে নেমেছেন।গতকাল শুক্রবার বিভিন্ন শহরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৭৪৭ জনকে।বিক্ষোভের শুরু গত সপ্তাহে, রাজধানী প্যারিসে।
পরে তা বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। এর মধ্যে মঁপেলিয়ে, নঁত ও মার্সেই রয়েছে। গতকাল এক দিনে এত বিক্ষোভকারীকে গ্রেপ্তার করার কথা জানান ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ।বিচারমন্ত্রী জেরার্ড দারমানিন বলেন, পরিস্থিতি এখন আর শুধু ‘হাইস্কুল শিক্ষার্থীদের বিক্ষোভে’ আটকে নেই।
এটি ‘জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার’ ঘটনায় পরিণত হয়েছে।বিচারমন্ত্রী বলেন, সহিংস বিক্ষোভের কারণে ফ্রান্সজুড়ে ৩ হাজার ৭০০টি বিদ্যালয়ের মধ্যে ৭৩৫টি কোনো না কোনোভাবে ক্ষতির শিকার হয়েছে।বিক্ষোভকারীদের কাছ থেকে জব্দ করা কিছু সামগ্রীর ছবি প্রকাশ করেছে পুলিশ।
সূত্র: প্রথম আলো