একা ঘুরে বেড়ানোর প্রতি আমার আগ্রহ তৈরি হয় ২০১৭–১৮ সালের দিকে। তবে বাংলাদেশ থেকে শেনজেন ভিসা পাওয়া বেশ জটিল হওয়ায় তখন আবেদন করা হয়ে ওঠেনি। পরবর্তী সময়ে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমানোর ছয়-সাত মাসের মাথায় প্রথমবার গ্রিসের জন্য ভিসার আবেদন করি। কিন্তু সে সময় পার্টটাইম কোনো চাকরি না থাকা এবং সেমিস্টার চলাকালীন আবেদন করায় ভিসা পাইনি। তবে আমি হাল ছাড়িনি।
২০২৬ সালের মাঝামাঝি সময়ে সরাসরি অন্য কোনো দেশের অ্যাপয়েন্টমেন্ট না পেয়ে মাল্টার মাধ্যমে আবার আবেদন করি। মাত্র পাঁচ দিনের মধ্যেই ভিসা পেয়ে যাই। তবে ভিসার মেয়াদ ছিল মাত্র আট সপ্তাহ। হাতে খুব বেশি সময় না থাকায় দ্রুত অফিস থেকে ছুটি নিয়ে ১২ দিনের জন্য বেরিয়ে পড়ি।ইউরোপের প্রতিটি দেশেরই রয়েছে নিজস্ব ভাষা, সংস্কৃতি ও স্থাপত্যের বৈচিত্র্য। শহরভেদে এই আবহ সম্পূর্ণ ভিন্ন রূপ নেয়।
বার্লিন তার বহু সাংস্কৃতিক পরিমণ্ডলের জন্য পরিচিত, প্রাগের প্রাচীন শহর পথচারীকে এক নিমেষে এক হাজার বছর আগের ইতিহাসে ফিরিয়ে নিয়ে যায়, আর আমস্টারডামের সরব সাইক্লিং সংস্কৃতি, নৈশজীবন ও নান্দনিক ক্যানেল ক্রুজ যে কাউকে বিমুগ্ধ করতে বাধ্য।
সূত্র: প্রথম আলো