ধরলা পোস্ট ডেস্ক
মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রতিবাদ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
শনিবার উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তালুক ফলগাছা মণ্ডলপাড়া এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রথমে মাদকবিরোধী ব্যানার, ফেস্টুন ও স্লোগান নিয়ে একটি প্রতিবাদ র্যালি বের করা হয়। র্যালিটি তালুক ফলগাছা, মণ্ডলপাড়াসহ আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার। সভা সঞ্চালনা ও মূল বক্তব্য দেন মাদকবিরোধী কমিটির আহ্বায়ক, সমাজসেবক ও আলিফ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মো. সাজেদুল ইসলাম।
এ সময় বক্তব্য দেন বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এমএ গাফফার মোল্লা, যুগ্ম আহ্বায়ক মমতাজুর রহমান, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. রাশেদুল ইসলাম বাবু, বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুস সবুর মিয়া, প্রভাষক মাহফুজুর রহমান, শিক্ষক সাইদুর রহমান ও সমাজসেবক আব্দুর গফুর মণ্ডলসহ অনেকে।
বক্তারা বলেন, মাদক ব্যক্তি ও পরিবারের পাশাপাশি সমাজের জন্যও মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়। এজন্য সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিবাচক সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। একই সঙ্গে মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
কর্মসূচিতে তালুক ফলগাছা, মণ্ডলপাড়া, বামনডাঙ্গাসহ আশপাশের এলাকার বিপুলসংখ্যক মানুষ অংশ নিয়ে মাদকের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান।