ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মসজিদ সভাপতির মৃত্যু
অসীম কুমার রায়, ধরলা পোস্ট :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোলেমন আলী (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
তিনি উপজেলার বড়ভিটা ইউনিয়নের চর বড়লই গ্রামের বাসিন্দা এবং চর বড়লই জামে মসজিদ কমিটির সভাপতি ছিলেন।
রবিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে চর বড়লই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোলেমন আলী মৃত সোনাউল্লা বানিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গরু-ছাগল নিয়ে চরের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সোলেমন আলী।
এ সময় বাড়ির পাশে একটি বৈদ্যুতিক তারের সঙ্গে বাঁশ আটকে থাকতে দেখেন। বিষয়টি বুঝতে না পেরে তিনি ওই বাঁশে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে আশপাশের লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সোলেমন আলীর মৃত্যুতে তাঁর পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।