বিশেষ প্রতিনিধি | নওগাঁ
নওগাঁ সদর উপজেলায় একটি চালকলে বিকট শব্দে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আব্দুল খালেক (৪৫) নামের এক চালকল শ্রমিক নিহত হয়েছেন এবং অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) সকালে সদর উপজেলার হাঁপানিয়া এলাকার ‘হাজী ইসারত আলী চালকলে’ এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক হাঁপানিয়া পাড়া এলাকার বছির উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্র ও থানা পুলিশ জানায়, প্রতিদিনের মতো বুধবার সকালেও শ্রমিকরা চালকলে ধান সিদ্ধ করার কাজ করছিলেন। কাজ চলাকালীন হঠাৎ করেই চালকলের বয়লারে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে চুল্লির ইট প্রায় ৫০০ মিটার দূর পর্যন্ত ছিটকে পড়ে এবং চারদিক ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়।
আকস্মিক এই ঘটনায় চাতালে কর্মরত শ্রমিকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা প্রাণভয়ে ছোটাছুটি শুরু করেন। ধোঁয়া কিছুটা কমে এলে অন্য শ্রমিকরা চাতালের ওপর আব্দুল খালেককে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে দুর্ঘটনায় আহত চার শ্রমিককে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি রাখা হয়েছে। ঘটনার পর থেকেই চালকলের মালিক পলাতক রয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী নারী শ্রমিক হামিদা বেগম আকুতি প্রকাশ করে বলেন, "হঠাৎ বিকট শব্দ হওয়ার পর ধোঁয়ায় কিছুই দেখা যাচ্ছিল না। ধোঁয়া সরলে দেখি খালেক ভাই পড়ে আছেন। চাতালগুলোতে আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই, আমাদের প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। আমরা কাজের পূর্ণ নিরাপত্তা চাই।"
ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্ত সাপেক্ষে বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যাবে। আইনি প্রক্রিয়া শেষে নিহত আব্দুল খালেকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।