নিজস্ব প্রতিবেদক, ধরলা পোস্ট ডেস্ক: শ্রমিকদের বিক্ষোভ ও আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব পেল সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ড। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা সাড়ে তিনটায় ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির (বিডা) কার্যালয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও ডিপি ওয়ার্ল্ডের মধ্যে ১৫ বছর মেয়াদি এই চুক্তি সই হয়। বিডা এই চুক্তিতে সমন্বয়কের ভূমিকা পালন করেছে।
২০০৭ সালে প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত পাঁচটি জেটি সমৃদ্ধ এনসিটি দিয়ে চট্টগ্রাম বন্দরের মোট কনটেইনারের প্রায় অর্ধেক ওঠানামা করে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার প্রথম ডিপি ওয়ার্ল্ডকে এই দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেয়। পরে অন্তর্বর্তী সরকার শ্রমিক-কর্মচারীদের বিরোধিতায় তা স্থগিত করলেও চলতি বছরের শুরুতে ক্ষমতায় আসা বিএনপি সরকার পুনরায় সেই প্রক্রিয়া শুরু করে তা চূড়ান্ত করল। এর আগে এক যুগের বেশি সময় দেশীয় প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেড এবং ২০২৫ সালের ৬ জুলাইয়ের পর নৌবাহিনী পরিচালিত চিটাগং ড্রাই ডক লিমিটেড এটি পরিচালনা করে আসছিল।
চুক্তির বিষয়ে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এক সংবাদ সম্মেলনে স্পষ্ট করেন, এটি পোর্ট ইজারা নয়। টার্মিনালের মালিকানা, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা বন্দর কর্তৃপক্ষ এবং কাস্টমসের হাতেই থাকবে; ডিপি ওয়ার্ল্ড কেবল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজ করবে। তিনি জানান, ডিপি ওয়ার্ল্ড এই টার্মিনালে ১৫ কোটি ডলার বিনিয়োগ করবে। বাংলাদেশ সাইনিং মানি হিসেবে ৬০০ কোটি টাকা পাবে এবং অর্জিত রাজস্বের ৬৭ শতাংশের পাশাপাশি প্রতি বছর ১০ কোটি টাকা লাভ করবে। ১৫ বছর পর উভয় পক্ষের সম্মতিতে চুক্তির মেয়াদ আরও ১৫ বছর বাড়তে পারে। এই উদ্যোগের ফলে টার্মিনালের আধুনিকায়ন ও বাণিজ্য সম্প্রসারণ হবে বলে সরকার আশাবাদী।