মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ের আসরে সাকিব
ধরলা পোস্ট ডেস্ক :
মায়ের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে বিয়ের উদ্দেশে রওনা হয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার যুবক সাকিব মিয়া। প্রচলিত যানবাহনের পরিবর্তে হাতির পিঠে চড়ে কনের বাড়িতে যাওয়ার এই দৃশ্য দেখতে সড়কের পাশে ভিড় করেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের তিলকপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে একই ইউনিয়নের হিংগারপাড়া গ্রামের উদ্দেশে যাত্রা করেন সাকিব। সেখানে তাঁর কনের বাড়ি। ব্যতিক্রমী এই বরযাত্রাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
সাকিব মিয়া তিলকপাড়া গ্রামের ছায়েদ আলীর ছেলে। তাঁর হবু স্ত্রী সুরাইয়া আক্তার হিংগারপাড়া গ্রামের খোকন মিয়ার মেয়ে।
সাধারণত বিয়ের বরযাত্রায় গাড়ি, মাইক্রোবাস কিংবা মোটরসাইকেল ব্যবহার করা হলেও সাকিবের আয়োজন ছিল একেবারেই ভিন্ন। হাতির পিঠে চড়ে তাঁর যাত্রার দৃশ্য দেখতে রাস্তার দুই পাশে জড়ো হন নানা বয়সী মানুষ। অনেকে স্মরণীয় এই মুহূর্তের ছবি ও ভিডিও মোবাইল ফোনে ধারণ করেন।
সাকিব জানান, বিয়ের দিনটি স্মরণীয় করে রাখার পাশাপাশি মায়ের বহুদিনের একটি ইচ্ছা পূরণ করাই ছিল তাঁর এই আয়োজনের মূল উদ্দেশ্য। তাঁর ভাষ্য, মা তাঁর জীবনের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। মায়ের ছোট্ট একটি স্বপ্ন বাস্তবায়ন করতে পেরে তিনি আনন্দিত।
সাকিবের পরিবারের সদস্য ও বরযাত্রীরা জানান, মায়ের ইচ্ছাকে গুরুত্ব দিয়েই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের মতে, এমন আয়োজন বিয়ের দিনটিকে পরিবারের কাছে আরও স্মরণীয় করে তুলবে।
সাকিবের মা জানান, ছেলেকে হাতির পিঠে চড়ে বিয়ে করতে যেতে দেখার ইচ্ছা তাঁর অনেক দিনের। অবশেষে সেই শখ পূরণ হওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত।
ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম সিপন বলেন, মায়ের ইচ্ছা পূরণে সাকিবের এমন উদ্যোগ ব্যতিক্রমী। তিনি নবদম্পতির সুখী ও সুন্দর দাম্পত্য জীবন কামনা করেন।
মায়ের প্রতি ভালোবাসা ও তাঁর ইচ্ছাকে প্রাধান্য দিয়ে সাকিবের এই আয়োজন স্থানীয় মানুষের মধ্যে কৌতূহল তৈরি করেছে। ব্যতিক্রমী এই বরযাত্রার মধ্য দিয়ে দিনটি স্মরণীয় হয়ে থাকল পরিবারটির কাছে।