স্পোর্টস ডেস্ক, ধরলা পোস্ট: ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ৪৫ বলে ১০২ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার শাই হোপ।
২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪৭ বলে সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড গড়েছিলেন ক্রিস গেইল। শুক্রবার (৯ অক্টোবর) ভারতে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ৪৫ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের পক্ষে দ্রুততম শতকের তালিকায় গেইলকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এলেন হোপ।
তবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির শীর্ষ স্থানটি এখনও ধরে রেখেছেন জনসন চার্লস। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ৩৯ বলে বিধ্বংসী শতক হাঁকিয়েছিলেন তিনি। ফলে ক্যারিবীয় ক্রিকেট ইতিহাসে এখন চার্লসের ঠিক পরেই অবস্থান করছেন হোপ, আর গেইল নেমে গেছেন তিন নম্বরে।
শুধু দেশের রেকর্ডেই নয়, ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি করার বিশ্বরেকর্ডেও যৌথভাবে শীর্ষে জায়গা করে নিয়েছেন শাই হোপ।