কুষ্টিয়া সীমান্তে ৪ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ছবি : সংগৃহীত
কুষ্টিয়া সীমান্তে ৪ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
ধরলা পোস্ট ডেস্ক:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে চার ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে সতর্ক অবস্থানে থাকা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের তৎপরতায় এ চেষ্টা ব্যর্থ হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধীন ঠোটারপাড়া বিওপির ১৫৩/৯ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাটি ভারতের বিএসএফের উদয় কিষান ক্যাম্পের আওতাধীন।
বিজিবি ৪৭ ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকালে বিএসএফের সদস্যরা উদয় কিষান ক্যাম্প এলাকা থেকে দুই পুরুষ ও দুই নারীসহ মোট চার ভারতীয় নাগরিককে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন। এ সময় সীমান্তে সতর্ক অবস্থানে থাকা বিজিবি সদস্যরা তাদের এ প্রচেষ্টা প্রতিহত করেন।
বিজিবির বাধার মুখে সকাল ৮টার দিকে ওই চারজনকে বাংলাদেশে প্রবেশ করাতে ব্যর্থ হয় বিএসএফ। পরে তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীটি।
বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, বিএসএফ চার ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল। বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানের কারণে সেই চেষ্টা প্রতিহত করা হয়েছে। পরে বিএসএফ ওই চারজনকে ফিরিয়ে নিতে বাধ্য হয়।