ধরলা পোস্ট ডেস্ক:
মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে চার নারী ও দুই পুরুষসহ ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
রোববার (১১ অক্টোবর) ভোর ৫টার দিকে সীমান্তের এ ঘটনা ঘটে। ভারতের দিঘলকান্দি বিএসএফ ক্যাম্পের সদস্যরা ওই ছয়জনকে বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে দেওয়ার চেষ্টা করেন বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ হাসান রনি জানান, পুশইনের চেষ্টা প্রতিহত করতে রংমহল ক্যাম্পের টহল দল সতর্ক অবস্থান নেয়। পরে বিজিবি সদস্যদের সম্মিলিত প্রতিরোধের মুখে বিএসএফ ওই ছয়জনকে ফিরিয়ে নিতে বাধ্য হয়।
তিনি আরও জানান, বিএসএফের দিঘলকান্দি ক্যাম্পের সদস্যরা চার নারী ও দুই পুরুষকে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেছিলেন। বিজিবির তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়।