নিজস্ব প্রতিবেদক, ধরলা পোস্ট ডেস্ক: কুষ্টিয়ার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) চারজন ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবে পুশইনের (অনুপ্রবেশ) চেষ্টা শক্ত হাতে নস্যাৎ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১১ অক্টোবর) সকাল ৭টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীন ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার ১৫৩/৯-এস থেকে ভারতের অভ্যন্তরে আনুমানিক ৫০ গজ দূরে বিএসএফের ১৪৬ ব্যাটালিয়নের উদয় কিষাণ ক্যাম্পের সদস্যরা দুজন পুরুষ ও দুজন নারীসহ মোট চারজনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালায়। ঘটনাটি নজরে আসামাত্র সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরা অত্যন্ত সতর্ক অবস্থান নেন এবং তাৎক্ষণিক কঠোর প্রতিরোধ গড়ে তোলেন।
বিজিবির এমন দৃঢ় অবস্থানের মুখে বিএসএফের অবৈধ অনুপ্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ হয়। পরবর্তীতে সকাল ৮টার দিকে বিজিবির অটল ও প্রস্তুত ভূমিকার সামনে নতি স্বীকার করে ওই চারজনকে নিজেদের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয় বিএসএফ সদস্যরা।
এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক রাশেদ কামাল রনি নিশ্চিত করে জানান, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত আইন লঙ্ঘনের অপচেষ্টা রুখে দিতে বিজিবি সর্বদা প্রস্তুত ও সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।