লালমনিরহাট প্রতিনিধি, ধরলা পোস্ট: লালমনিরহাটে তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং ফুটবলের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে শুরু হয়েছে ‘জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬’। রোববার (১১ অক্টোবর) লালমনিরহাট জেলা স্টেডিয়ামে এক জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।
লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই ফুটবল আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। বেলুন ও পায়রা উড়িয়ে আসরের শুভ সূচনা করেন আমন্ত্রিত অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেন, মাদকমুক্ত সমাজ গঠন ও যুবসমাজকে সঠিক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই। কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে এই ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। টুর্নামেন্টে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা উদীয়মান ফুটবলারদের দক্ষতা প্রদর্শনের বিশেষ সুযোগ তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।