ফুলবাড়িতে বোরকার ভিতর বিশেষ কায়দায় ২.৬ কেজি গাঁজা নিয়ে যাওয়ার সময় এক নারী আটক
ধরলা পোস্ট ডেস্ক :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বোরকার ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ২ কেজি ৬০০ গ্রাম শুকনা গাঁজাসহ রুবিনা (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।
রোববার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফুলবাড়ী বাজারের স্বর্ণপট্টি এলাকায় আতিক জুয়েলার্সের সামনে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানের সময় রুবিনার চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় তাঁকে তল্লাশি করা হয়। এ সময় তাঁর পরিহিত বোরকার ভেতরে পলিথিন ও টেপ দিয়ে মোড়ানো একটি পোটলা পাওয়া যায়। পরে সেটি খুলে ২ কেজি ৬০০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করা হয়।
আটক রুবিনা ফুলবাড়ী উপজেলার গোরকমণ্ডল এলাকার (বিডিআর বাজার) মিনহাজুলের স্ত্রী বলে জানা গেছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।