আন্তর্জাতিক ডেস্ক, ধরলা পোস্ট: সৌদি আরবের রিয়াদস্থ কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের চালানো এক ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় মো. শাহেদ আহম্মেদ (৩২) নামে এক বাংলাদেশি প্রবাসীকর্মী প্রাণ হারিয়েছেন। ছুটি কাটিয়ে দেশে পরিবার-স্বজনদের সঙ্গে সময় কাটিয়ে পুনরায় কর্মস্থলে ফেরার মুহূর্তেই বিমান থেকে নামার সময় তিনি এই হামলার শিকার হন। নিহত শাহেদের বাড়ি বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের মাদলা গ্রামে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৩ সাল থেকে সৌদি আরবের জেদ্দায় প্লাম্বার হিসেবে কর্মরত ছিলেন শাহেদ। দুই বছর পর মাত্র এক মাসের ছুটিতে দেশে এসেছিলেন তিনি। পরিবার ও দুই শিশুসন্তানের সঙ্গে ছুটি কাটানো শেষে গত শুক্রবার সন্ধ্যায় বগুড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হন শাহেদ। পরদিন শনিবার সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। শাহেদের চাচাতো ভাই মাসুম রানা জানান, ২৬ বছর ধরে দাম্মামে থাকা বাবা রফিকুল এবং তিন মাস আগে সেখানে যাওয়া মা সাহেরা বেগমের সঙ্গে আগে দেখা করে জেদ্দায় কাজে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু বিমানবন্দরে নামার পরই শেষ হয়ে যায় সব।
বাংলাদেশ সময় শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে স্ত্রী কাকলীকে ফোন করে নিরাপদে বিমানবন্দরে পৌঁছানোর কথা জানিয়েছিলেন শাহেদ। কিন্তু সেটিই ছিল স্ত্রীর সঙ্গে তাঁর শেষ কথা। মর্মান্তিক এই খবরের পর শোকে স্তব্ধ হয়ে পড়েছে তাঁর পুরো পরিবার। শাহেদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা এবং তাঁর অসহায় স্ত্রী ও দুই অবুঝ সন্তানের ভরণপোষণের জন্য সরকারের প্রতি আর্থিক সহায়তার আকুল আবেদন জানিয়েছেন নিহতের স্বজনেরা।
উল্লেখ্য, কূটনৈতিক সূত্রের বরাতে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি জানায়, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের চালানো ওই ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, নিহত অন্য বাংলাদেশি হলেন কুমিল্লার নাঙ্গলকোটের মো. নাসরুল্লাহ বদরপুরি।