ময়মনসিংহ প্রতিনিধি, ধরলা পোস্ট: ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে মালামাল আটকের পর বিজিবি সদস্যদের ওপর সংঘবদ্ধ চোরাকারবারীদের হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি আত্মরক্ষার্থে গুলি চালালে নোমান আলী (২৫) নামে এক চোরাকারবারি গুলিবিদ্ধ হয়ে মারা যান।
সোমবার (১২ অক্টোবর) ভোর ৫টা ৪৫ মিনিটে হালুয়াঘাট উপজেলার তেলিখালী বিওপির আওতাধীন জলজলিয়া নামক স্থানে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দুপুরে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
নিহত নোমান আলী হালুয়াঘাট উপজেলার বেতপুরী গ্রামের আলাল উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় মালামাল জব্দ করে বিজিবির টহলদল। আটককৃত মালামাল নিয়ে বিওপিতে ফেরার পথে সংঘবদ্ধ চোরাকারবারিরা বিজিবি সদস্যদের চারদিক থেকে ঘিরে ফেলে এবং হামলা চালায়।
এ সময় বিজিবি সদস্যরা প্রথমে মৌখিকভাবে সতর্ক করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাতে ফাঁকা গুলিবর্ষণ করেন। তবে চোরাকারবারিরা আক্রমণ অব্যাহত রাখলে নিজেদের জীবন ও সরকারি সম্পত্তি রক্ষায় বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালান। এতে নোমান আলী গুলিবিদ্ধ হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
৩৯ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে চোরাচালান রোধ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত কঠোর অভিযান ও টহল বজায় থাকবে। এ ঘটনায় সরকারি কাজে বাধা দান ও বিজিবির ওপর হামলার অপরাধে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।