শফিকুল ইসলাম বেবু...
১.
দিনটা ছিল ১৯৯৩ সালের ৩১ মার্চ। চৈত্র মাসের রোদ তখন কেবল পড়তির দিকে।
আব্বা অর্থাৎ আব্দুল করিম সরকার সম্প্রতি সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের একটা আলাদা হাবভাব থাকে, আব্বারও ছিল। তবে তাঁর মেজাজ সেদিন সকাল থেকেই অন্যরকম। সকালবেলা আমাকে ডেকে সোজা বললেন, "আজ বিকেলে তোকে পাত্রী দেখতে নিয়ে যাব। তোর বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। পিতা হিসেবে তোকে পাত্রস্থ করা আমার দায়িত্ব।"
আমি মনে মনে বেশ অপ্রস্তুত হয়ে পড়লাম। বিয়ে করার মতো আর্থিক বা মানসিক কোনো সামর্থ্যই তখন আমার ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে এম.এসসি পাশ করে তখন ড. বোরহান উদ্দিন স্যারের অধীনে শহীদুল্লাহ হলের ছাত্র হিসেবে এমফিলে ভর্তি হয়েছি। ইচ্ছে ছিল তৎকালীন ছাত্রদল সভাপতি, আজকের প্রবীণ রাজনীতিবিদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ভাইয়ের সাথে পুরোদমে রাজনীতি করব। ১৯৯২ সালের ১৬ জুন রিজভী ভাই সভাপতি হওয়ার পেছনে আমার আর আমার বন্ধু, কবি জসীমউদ্দীন হলের জনপ্রিয় ছাত্রনেতা কামরুজ্জামান লাল সহ অনেকেরই ঘাম ঝরানো পরিশ্রম ছিল। রিজভী ভাই আমাকে রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক পদ দেওয়ার কথা ভেবেছিলেন। কিন্তু বিধিবাম! ইলিয়াস ভাই (যিনি পরবর্তীতে গুম হন) সাধারণ সম্পাদক আর বন্ধু মালেক সাংগঠনিক সম্পাদক হয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের আগেই দলীয় কোন্দলে তিনজন কর্মী মারা গেল। ক্ষুব্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কমিটি ভেঙে দিলেন।
রাজনীতির সেই মারপ্যাঁচ আর পকেটের চরম দৈন্যতায় এমফিল আর এগোল না। পেটের তাগিদে ঢাকার একটি নবগঠিত প্রাইভেট কলেজে শিক্ষকতা শুরু করলাম। এমন অবস্থায় বিয়ে!
মাকে গিয়ে চুপিচুপি বললাম, "আম্মা, আব্বাকে থামাও। এই মুহূর্তে বিয়ে করার মতো হাল আমার নাই।"
আম্মা শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে মুচকি হেসে বললেন, "পাত্রী দেখলেই কি বিয়ে হয়ে যায়? তুই বড় ছেলে, তোর বাপের কথাটা রাখ।"
"মেয়ের বাড়ি কই?"
"গাইবান্ধার সুন্দরগঞ্জে। মেয়ে গার্হস্থ্য অর্থনীতি কলেজ থেকে এম.এসসি পাশ করে প্রাইমারি স্কুলে চাকরি করে। ভালো বংশের মেয়ে, বাপ ছিলেন হাইস্কুলের মৌলভী শিক্ষক, মারা গেছেন। আর মেয়ের মামা পাকিস্তান আমলের এমএলএ।"
আমি অবাক হয়ে বললাম, "এত বড় বংশের মেয়ে আমার মতো অভাবী ছেলেকে বিয়ে করবে কেন?"
আম্মা সহাস্যে বললেন, "তোর বাপের হাতে অবসরের টাকা এসেছে, সেই গরমে তোকে পাত্রী খাওয়াতে চাচ্ছেন!"
একবার ভাবলাম যাবই না। কিন্তু আব্বার মুখের দিকে তাকিয়ে না বলতে পারলাম না। আব্বা মানুষটা ছিলেন অন্য ধাতুতে গড়া—যেমন উদার, তেমনই সন্তানদের সাথে বন্ধুর মতো মিশতেন।
২.
বিকেলে পাত্রী দেখার বহর রওনা হলো। বহরের প্রধান আকর্ষণ কবি জ্যোতি মামার ভগ্নিপতি জাহাঙ্গীর মামার একখানা লাল কার। খুব দামী না হলেও গাড়িটা দেখতে বেশ খাসা। সাথে সাবের মামার একখানা জীপ।
বহরে রয়েছেন জাহাঙ্গীর মামা, আমার বড় বোন অ্যাডভোকেট রেহানা খানম বিউটি, মেজো ভগ্নিপতি আব্দুল খালেক, বড় ভগ্নিপতি অ্যাডভোকেট আবুল কাশেম, বেবী আপা, ছোট ভাই সাজু আর দুই মামা।
পথে আব্বাকে বললাম, "আমরা পাত্রী দেখতে উলিপুর যাচ্ছি কেন? পাত্রীর বাড়ি তো সুন্দরগঞ্জে!"
আব্বা বললেন, "ওদের গ্রামের রাস্তা খুব নাজুক। তাই পাত্রীর খালু গাফফার চেয়ারম্যানের উলিপুরের দোতলা টিনের বাড়িতেই দেখার ব্যবস্থা হয়েছে।"
কুড়িগ্রাম শহর থেকে উলিপুর মাত্র ১৮ কিলোমিটার। বিকেলে যখন পৌঁছালাম, গাফফার চেয়ারম্যানের বাড়ির আঙিনায় সাজসাজ রব।
পাত্রীর খুব একটা মেকআপ বা সাজগোজ ছিল না, একদম সাধারণ। বিউটি আপা তাকে বসতে বললেন। কিন্তু গোল বাঁধালেন আমার মেজো ভগ্নিপতি আব্দুল খালেক সাহেব। মান্ধাতা আমলের মেজাজী মানুষ! তিনি পাত্রীকে এমন সব অহেতুক ও খটখটে প্রশ্ন করতে লাগলেন যে আব্বা মনে মনে বেশ বিরক্ত হলেন। তবে পাত্রী মেয়েটি ভারী চমৎকার—মাথা নিচু করে নিচু স্বরে সব প্রশ্নের উত্তর দিয়ে গেল।
মজার বিষয় হলো, সে তখনও জানে না এই বহরের কোনটা পাত্র! কারণ সে আমাকে আগে কখনো দেখেনি, আমিও তাকে দেখিনি।
আমার বোন আর ভগ্নিপতিরা আমার অর্থনৈতিক অবস্থার কথা চিন্তা করে মনে মনে সিদ্ধান্ত নিলেন—এ বিয়ে করানো যাবে না। কিন্তু আমার বাপের এক কথা, "মেয়ে সুশিক্ষিত, একেই আমার পুত্রবধূ করব!"
আব্বা পকেট থেকে ৫০০ টাকা আর একটি আংটি বের করে পাত্রীর হাতে দিলেন। পাত্রী আংটি নিয়ে লাজুক পায়ে দোতলায় চলে গেল।
৩.
বিয়ের জল আরো ঘোলা হলো। পাত্রীর ভগ্নিপতি, সুন্দরগঞ্জের রামজীবন ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান প্রয়াত আবু বক্কর সিদ্দিক সাহেবও এই বিয়ের বিপক্ষে! তিনি এসেছিলেন স্রেফ তাঁর শাশুড়ির কথা ফেলতে না পেরে। তবে পাত্রীর ছোট ভাই, কলেজপড়ুয়া নাজমুল ছিল বিয়ের পক্ষে।
আমার বোন ও ভগ্নিপতিরা পাত্রী পক্ষকে বললেন, "আমরা পরে সিদ্ধান্ত জানাব।"
কিন্তু আব্বা এক পায়ে দাঁড়িয়ে গেলেন! সোজা বললেন, "পাত্রী পক্ষ রাজী থাকলে আজই বিয়ে হবে!"
কথা শুনে মেজো বোন আর ভগ্নিপতি আব্বার ওপর রাগ করে তখনই কুড়িগ্রামের বাড়িতে চলে গেলেন। তবে বড় বোন বিউটি আপা আর আবুল কাশেম ভাই আব্বার সিদ্ধান্ত ভাঙতে পারলেন না। আব্বা সাফ জানিয়ে দিলেন, "আমার ছেলের বিয়ে আমি দেব। তোদের ডেকেছি দেখার জন্য, সিদ্ধান্ত নেওয়ার জন্য না!"
আমার একবার মনে হলো, না বলে পালিয়ে কুড়িগ্রাম চলে যাই। কিন্তু বাপের মুখটার কথা ভেবে পারলাম না। আব্বা আমাকে আড়ালে ডেকে নিয়ে বললেন, "খোকা, মেয়ে পছন্দ হয়েছে?"
আমি বিষণ্ন হেসে বললাম, "আমার পছন্দ হয়ে কি লাভ আব্বা? মেয়ে কি আমাকে পছন্দ করবে?"
আব্বা আমার কাঁধে হাত রেখে বললেন, "তুই নিজে গিয়ে মেয়ের সাথে কথা বলে আয়।"
পাত্রীর ছোট ভাই নাজমুল আমাকে টিনের দোতলার ঘরে নিয়ে গেল। কাঠের মেঝেশুদ্ধ ঘরটা যেন সামান্য শব্দেই কেঁপে উঠছে।
ঘরে ঢুকে আমি কোনো ভূমিকা না করে সরাসরি বললাম, "আপনি কি আমাকে বিয়ে করতে রাজি আছেন?"
মেয়েটি নিচু গলায় শান্তভাবে উত্তর দিল, "আমার নিজের কোনো সিদ্ধান্ত নেই। পরিবারের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত।"
ব্যাস! দুই পরিবার চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাল—বিয়ে আজই হবে!
৪.
যেহেতু কোনো প্রস্তুতি ছিল না, উলিপুর বাজার থেকে তড়িঘড়ি করে কেনাকাটা হলো। পাশের বাড়ির টিউবওয়েলের হিমশীতল পানিতে গোসল সেরে বিয়ের আসরে বসলাম। পঞ্চাশ হাজার এক টাকা দেনমোহরে শুভ বিবাহ সম্পন্ন হলো।
কিন্তু বিপত্তি বাঁধল রাত বাড়তেই!
আমাকে উলিপুরের সেই টিনের ঘরে রেখে বহরের সবাই কুড়িগ্রামে ফিরে গেল। আমি পড়লাম মহা মুসিবতে! পকেটে মাত্র দুই টাকা ছিল, সেটাও একটু আগে সিগারেট খেয়ে শেষ করেছি। ছোট ভাই সাজু যাওয়ার সময় টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু উত্তেজনায় বেমালুম ভুলে চলে গেছে।
তখন রাত আড়াইটা। কাঠের টিনের সেই ছোট্ট ঘরে নববধূর আগমন ঘটল।
আমার তখন তীব্র সিগারেটের নেশা উঠেছে। নিকোটিনের টানে মাথা ঝিমঝিম করছে, কিন্তু পকেটে তো একটি ফোটো পাইসও নেই! লজ্জার মাথা খেয়ে, বাসর রাতের সমস্ত গাম্ভীর্য ধুলোয় মিশিয়ে দিয়ে নববধূর দিকে তাকালাম।
কাচুমাচু হয়ে বললাম, "শুনছেন... আমাকে ৫০টি টাকা ধার দেওয়া যায়?"
শুনে বধূ আমার দিকে কেমন করে যেন তাকাল! আমি মনে মনে ভাবলাম, মেয়েটি নিশ্চয়ই ভাবছে—'হায় খোদা! বাসর রাতেই বর টাকা ধার চাইছে! আমার কপালে যে কী আছে!' অথবা হয়তো ভাবছিল—'লোকটা চরম অদ্ভুত আর বড্ড সহজ-সরল!'
যাই হোক, সে নিঃশব্দে হাতব্যাগ থেকে একটি ৫০ টাকার নোট বের করে আমার হাতে দিল। আমি সঙ্গে সঙ্গে এক শ্যালককে ডেকে সিগারেট আনিয়ে টানতে টানতে নেশার ঘোর কাটাতে লাগলাম।
সেই যে কথা শুরু হলো, ধূমপানের ধোঁয়ায় আর জীবনের গল্পে কীভাবে যেন রাত কেটে ভোর হয়ে গেল! (অবশ্য সেই তীব্র ধূমপানের নেশা আমি ১৯৯৬ সালে পুরোপুরি ছেড়ে দিয়েছি)।
৫.
আজ বহু বছর পার হয়ে গেছে। জীবনের অনেক নদ-নদী, চড়াই-উতরাই পেরিয়ে এসেছি।
আজ আমার স্ত্রীকে জমিসহ প্রায় দুই কোটি টাকার বাড়ি লিখে দিয়েছি। আমার জীবনের অর্জিত সমস্ত আয়-উপার্জন, এমনকি কয়েক ভরি সোনাও তাঁর হাতে তুলে দিয়েছি।
কিন্তু অদ্ভুত ব্যাপার হলো—১৯৯৩ সালের ৩১ মার্চের সেই কালরাত্রে, ছোট্ট টিনের ঘরে বাসর রাতে নেওয়া সেই ৫০ টাকার ঋণটা আজ পর্যন্ত শোধ হয়নি!
কখনো শোধ হবে কিনা, তাও আমি জানি না। হয়তো কিছু ঋণ শোধ না হওয়াতেই জীবনের সমস্ত মাধুর্য লুকিয়ে থাকে!
লেখক -শিক্ষাবিদ ও সাংবাদিক