বিশেষ প্রতিনিধি, কুড়িগ্রাম :
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নে মাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত পলাতক ছেলে মোস্তাকিন আলম শোভনকে (৩৫) আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডের প্রায় পাঁচ ঘণ্টার ব্যবধানে বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে সদর উপজেলার হলখানা ইউনিয়নগামী ‘ভাইরাল সড়ক’ থেকে স্থানীয়দের সহায়তায় তাঁকে আটক করা হয়।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মুনিরা বেগমের (৫৬) স্বামী সরদার আলী (৬৫) একজন অবসরপ্রাপ্ত টেক্সটাইল প্রকৌশলী। ছেলের ছুরিকাঘাতে তিনিও গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শোভন মাদকাসক্ত। এর আগে তিনি কয়েক দফায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে পালিয়ে এসেছিলেন। বুধবার তাঁকে আবারও নিরাময় কেন্দ্রে পাঠানোর উদ্যোগ নিয়েছিলেন তাঁর বাবা-মা। এ নিয়ে ক্ষোভ থেকে তিনি বাবা-মাকে ছুরিকাঘাত করে থাকতে পারেন বলে ধারণা স্থানীয়দের
।পুলিশ জানায়, বুধবার ভোরে বাবা-মাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান শোভন। এতে ঘটনাস্থলেই মুনিরা বেগমের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন তাঁর স্বামী সরদার আলী। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করতে বিভিন্ন স্থানে অভিযান চালায়। পরে হলখানাগামী ‘ভাইরাল সড়ক’ থেকে স্থানীয়দের সহায়তায় তাঁকে আটক করে থানায় নেওয়া হয়।
সদর থানার ওসি কামাল হোসেন বলেন, “আমি নিজে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছি। তাঁকে থানায় নেওয়া হয়েছে। নিহতের মরদেহের ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”