ধরলা পোস্ট ডেস্ক:
সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (১৪ অক্টোবর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এর আগে রাষ্ট্রপতির পক্ষে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহাউদ্দিন মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ডেপুটি স্পিকার কায়সার কামাল, প্রধান হুইপ ও অন্যান্য হুইপ শ্রদ্ধা জানান।
এ ছাড়া পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ মন্ত্রিসভার সদস্য, বর্তমান ও সাবেক সংসদ সদস্যরা মরহুমের প্রতি শ্রদ্ধা জানান এবং জানাজায় অংশ নেন।
জানাজা শেষে সালাহউদ্দিন আহমেদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সালাহউদ্দিন আহমেদ মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ফুসফুসের সমস্যা ও অন্যান্য শারীরিক জটিলতায় ভুগছিলেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, বুধবার দুপুর দেড়টায় নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে এবং বিকেল ৩টায় শ্যামপুরের লাল মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে জুরাইনে তাঁর বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হবে।