জাতীয় Desk, ধরলা পোস্ট: রাজধানীর জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনের সড়কে গভীর রাতে পরপর দুটি ককটেল নিক্ষেপ করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়ে চলন্ত এক সিএনজি অটোরিকশাচালক আহত হয়েছেন। অন্য অবিস্ফোরিত ককটেলটি পরবর্তীতে উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট সফলভাবে নিষ্ক্রিয় করেছে।
পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে হঠাৎ দুর্বৃত্তরা গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনের সড়ক লক্ষ্য করে দুটি ককটেল ছুড়ে মেরে পালিয়ে যায়।
এর মধ্যে একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয়ে সড়কে থাকা একটি সিএনজি চালিত অটোরিকশার ওপর গিয়ে পড়ে। এতে অটোরিকশাটির চালক সরাসরি আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। তবে তাৎক্ষণিকভাবে নিছক পরিচয় জানা যায়নি; আহত চালককে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইবনে মিজান আরও জানান, খবর পাওয়ার পরপরই ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ককটেল হামলার পরপরই ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট বা বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত অবস্থায় বাকি ককটেলটি উদ্ধার করে নিরাপদ প্রক্রিয়ায় নিষ্ক্রিয় করে।
কারা কী উদ্দেশ্যে রাজনৈতিকভাবে স্পর্শকাতর এই স্থানে ককটেল হামলার ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। হামলাকারী ও জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে ঘটনাস্থল ও আশপাশের ভবনগুলোর ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করার কাজ চলছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।