কুড়িগ্রাম প্রতিনিধি, ধরলা পোস্ট: সাধারণ মানুষের মধ্যে সঠিক নিয়মে হাতধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং সার্বিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা 'গুড নেইবারস বাংলাদেশ'-এর কুড়িগ্রাম সিডিপির উদ্যোগে উদযাপিত হয়েছে বিশ্ব হাতধোয়া দিবস।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির মূল প্রতিপাদ্য ও কেন্দ্রীয় বার্তা ছিল— "হোন হাতধোয়ার নায়ক"।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আর রাফি তামজিদ, সিডিপি মেডিকেল অফিসার তৌসিফ তানভীর রাতুল এবং সিডিপি এডমিন চন্দন কর্মকার। কর্মসূচিতে স্থানীয় শিশু ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খাওয়ার আগে ও শৌচাগার ব্যবহারের পর সাবান এবং পানি দিয়ে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে ডায়রিয়া, নিউমোনিয়াসহ নানা ধরনের সংক্রামক রোগ সহজেই প্রতিরোধ করা সম্ভব। বিশেষ করে শিশুদের শারীরিক স্বাভাবিক বিকাশ ও সুস্থ জীবনের নিশ্চিত কল্পে সঠিকভাবে হাতধোয়ার স্বাস্থ্যভ্যাস গড়ে তোলা অতীব জরুরি।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত শিশু ও অভিভাবকদের মাঝে সরাসরি সঠিক নিয়মে হাতধোয়ার বিভিন্ন ধাপ ও কৌশল প্রদর্শন করা হয় এবং দৈনন্দিন জীবনে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়।