ধরলা পোস্ট ডেস্ক:
রাজধানীতে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় মুঠোফোন ব্যবহার করে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টার অভিযোগে রেশমা আক্তার (২৫) নামে এক পরীক্ষার্থীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বাসিন্দা।
শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ৪৩ নম্বর পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই কেন্দ্রে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা চলছিল।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পরীক্ষা চলার সময় রেশমা আক্তার মুঠোফোনের মাধ্যমে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টা করেন। বিষয়টি নজরে এলে কেন্দ্রের দায়িত্বে থাকা এক পরিদর্শক তাঁকে আটক করেন।
পরে লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পাওয়ার পর সংশ্লিষ্ট আইনে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আদালতের রায়ের পর রেশমা আক্তারকে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে তাঁর ব্যবহৃত মুঠোফোনটিও জব্দ করা হয়।