অনিল চন্দ্র রায়, ধরলা পোস্ট অনলাইন মাল্টিমিডিয়া :
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহিদ হাসানের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা, এলাকার সম্ভাবনা এবং উন্নয়ন কর্মকাণ্ডে প্রশাসন ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভায় সাংবাদিকরা ফুলবাড়ী উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, জনদুর্ভোগের চিত্র তুলে ধরা এবং এলাকার উন্নয়নে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার বিষয়ে মতামত দেন তারা।
সভায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফুলবাড়ী থেকে দূরপাল্লার যানবাহন চলাচলসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা হয়।
এ সব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন ইউএনও মো. জাহিদ হাসান। জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা সিরাজদৌলা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল লতিফ, প্রেসক্লাব ফুলবাড়ীর সভাপতি অলিউর রহমান ও সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু, জাহাঙ্গীর আলম, সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি এসএম বাবুল, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া মিঞা ও সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর।
এ ছাড়া ফুলবাড়ী মডেল প্রেসক্লাবের সভাপতি ইউনুস আলী আনন্দ, ফুলবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাহাবুব হোসেন লিটু ও সাধারণ সম্পাদক মাহফুজার রহমান জাহাঙ্গীর, ফুলবাড়ী উপজেলা ইউনিটনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বিপ্লবসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় সাংবাদিক ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয়ের মাধ্যমে ফুলবাড়ী উপজেলার উন্নয়ন, জনদুর্ভোগ লাঘব ও জনস্বার্থ রক্ষায় একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।