ধরলা পোস্ট ডেস্ক
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফরজ্জামান ফকির ওরফে আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় অজ্ঞাতনামা আটজনকে আসামি করে মামলা করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে নিহত সাংবাদিকের স্ত্রী অনিন্দিতা সাংমা বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলাটি দায়ের করেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সাকের আহমেদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন এসআরবি-১৪ ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি মো. মাসুদরানা। তিনি জানান, ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনার পর থেকেই সংশ্লিষ্ট কর্মকর্তারা এলাকায় কাজ করছেন। পাশাপাশি ছায়া তদন্তও চলমান রয়েছে।
নিহত সাংবাদিকের স্ত্রী অনিন্দিতা সাংমা জানান, তাঁদের দুটি সন্তান রয়েছে। স্বামীকে হত্যার পর সন্তানদের নিয়ে তিনি আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে দুর্গাপুর উপজেলার তেলুঞ্জিয়া এলাকায় একটি চায়ের দোকানের সামনে আলিফ ফকিরকে গুলি করা হয়। পরে তিনি নিহত হন।
ওসি খন্দকার সাকের আহমেদ বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজসহ বিভিন্ন আলামত বিশ্লেষণ করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। দ্রুত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
সূত্র: সংশ্লিষ্ট থানা পুলিশের বক্তব্য ও প্রাপ্ত তথ্য।