অনিল চন্দ্র রায়:
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৭৬৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ২৯ হাজার ৫০০ টাকা।
মঙ্গলবার (২০ অক্টোবর) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চলমান ‘অপারেশন নারকোটিকস স্ট্রাইক’ অভিযানের অংশ হিসেবে গংগারহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্বপরিকল্পনা অনুযায়ী আকস্মিক চেকপোস্ট স্থাপন করে গত ১৯ অক্টোবর দুপুর ৩টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৬টা ২০ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার উত্তর কুটি চন্দ্রখানা এলাকায় তল্লাশি চালায় বিজিবির টহলদল। এ সময় ৭৬৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। চোরাচালান, মাদকপাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
তিনি আরও বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।