নিজস্ব প্রতিবেদক, ধরলা পোস্ট :
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, সমৃদ্ধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর থেকে রংপুর যাওয়ার পথে পাগলাপীরে সড়কের দুই পাশে সমবেত হাজারো মানুষের উদ্দেশে দেওয়া এক সংক্ষিপ্ত পথসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, ‘বাংলাদেশ আমাদের সবার দেশ। দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এটাই হোক আমাদের প্রত্যাশা।
তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। সরকার গঠনের পর থেকেই খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে। এর অংশ হিসেবে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। চালু করা হয়েছে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কল্যাণে সরকারের নেওয়া উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে। সমাজের সব শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়ানোই সরকারের লক্ষ্য।
প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সব ধর্মের মানুষ একসঙ্গে অংশ নিয়েছেন। তাই দেশ গড়ার কাজেও সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। ধর্ম-বর্ণনির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে একটি সুন্দর ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব।
এ সময় উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘আমরা সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়ে তুলতে চাই। আপনারা কি আমার সঙ্গে আছেন?’ জবাবে উপস্থিত জনতা হাত উঁচিয়ে সমর্থন জানান।
তারেক রহমান মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষকে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে দেশের উন্নয়ন এবং অগ্রগতিতে একযোগে কাজ করার আহ্বান জানান।
এর আগে মঙ্গলবার সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রী ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে সৈয়দপুরের উদ্দেশে রওনা হন। সকাল ৯টা ৫০ মিনিটে তিনি নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান।
রংপুরে রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন ও পূজার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।