ধরলা পোস্ট ডেস্ক:
জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। তবে ঘটনার সময় গাড়িতে ছিলেন না এই সংগীতশিল্পী। ফলে এ ঘটনায় কেউ হতাহত হননি।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এর পেছনে ব্যক্তিগত বিরোধ, পেশাগত দ্বন্দ্ব কিংবা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ওসি মো. আসাদুজ্জামান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। হামলার কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, আসিফ আকবর বাংলাদেশের সংগীতাঙ্গনের পরিচিত মুখ। সংগীতের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও তাঁর পরিচিতি রয়েছে। তিনি অতীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।