ধরলা পোস্ট ডেস্ক:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক নারীর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে আবু সাঈদ (৩০) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, এর আগে রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় তাকে কারাগারে পাঠানো হয়। আবু সাঈদ গোবিন্দগঞ্জ পৌর এলাকার ডাকবাংলোর পেছনে অবস্থিত লালমাটিয়া মাদ্রাসার শিক্ষক।
অভিযোগ সূত্রে জানা গেছে, এক শিক্ষার্থীর মায়ের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে ওই নারীর আপত্তিকর ভিডিও ধারণ করেন শিক্ষক আবু সাঈদ। পরে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে প্রথমে ২ লাখ ৮০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। পরবর্তী সময়ে আরও ৮০ হাজার টাকা দাবি করা হয়।
অভিযোগ অনুযায়ী, রোববার রাত ৩টার দিকে টাকা নিতে গেলে স্থানীয় লোকজন তাকে আটক করে মারধর করেন। এতে তার মাথায় আঘাত লাগে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করে। পরে সকাল ৯টার দিকে তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা কাশেম জানান, ঘটনাটির সঠিক তদন্ত চান তারা।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, ভুক্তভোগী নারী লিখিত অভিযোগ করার পর অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।