অনিল চন্দ্র রায়:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ‘মাদককে না বলি, মাঠে গিয়ে খেলা করি’ স্লোগানে মরহুম রমজান আলী মণ্ডলের স্মরণে আয়োজিত ঐতিহ্যবাহী হাডুডু প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জমজমাট এ ফাইনালে ফুলবাড়ী হাডুডু দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বালারহাট হাডুডু দল।
রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টায় উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের টেপরির বাজারসংলগ্ন তালুক শিমুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। শিমুল সীমান্ত ক্রীড়া চক্রের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় আটটি দল অংশ নেয়। ফাইনাল খেলা দেখতে মাঠে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী হাজারো দর্শকের সমাগম ঘটে।
ফাইনাল খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ। বিশেষ অতিথি ছিলেন ফুলবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক সামছুজ্জামান হাসু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন সরকার, সদস্য সচিব আব্দুল মান্নান মুকুল ও যুগ্ম সদস্য সচিব আরাবুর রহমান পাশা। এ সময় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যুগ্ম সদস্য সচিব আরাবুর রহমান পাশার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি সোহেল হোসাইন কায়কোবাদসহ আমন্ত্রিত অতিথিরা। বক্তারা বলেন, তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার প্রসার ঘটানো জরুরি। হাডুডু, ক্রিকেট ও ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন পাড়া-মহল্লায় ছড়িয়ে দিতে হবে। এতে তরুণেরা সুস্থ বিনোদনের সুযোগ পাওয়ার পাশাপাশি মাদক থেকে দূরে থাকতে উৎসাহিত হবে।
বক্তব্য শেষে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি সোহেল হোসাইন কায়কোবাদ।
খেলা শেষে বিজয়ী বালারহাট হাডুডু দলের হাতে প্রথম পুরস্কার হিসেবে একটি বড় খাসি ছাগল তুলে দেওয়া হয়। রানার্সআপ ফুলবাড়ী হাডুডু দল পায় একটি ছোট খাসি ছাগল।
স্থানীয় সহকারী শিক্ষক বেলাল হোসেন বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলার মাধ্যমে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদক থেকে দূরে রাখাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। এ ধরনের আয়োজন নিয়মিত হলে তরুণেরা সুস্থ বিনোদনের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ পাবে।
শিমুল সীমান্ত ক্রীড়া চক্রের সভাপতি জীবন মিয়া ও সাধারণ সম্পাদক পারভেজ হাসান বলেন, ‘মাদককে না বলি, মাঠে গিয়ে খেলা করি’ স্লোগানে সুস্থ ও সুন্দর সমাজ গঠনের বার্তা ছড়িয়ে দিতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দর্শকদের ব্যাপক উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে প্রতিযোগিতার সমাপ্তি হয়েছে।
প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধায়ক এলাকার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিউর রহমান বলেন, মাদকের নেতিবাচক প্রভাব থেকে তরুণ ও যুবসমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। মরহুম রমজান আলী মণ্ডলের স্মৃতিকে স্মরণীয় করে রাখা এবং তরুণদের মাদক থেকে দূরে রাখার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। প্রতিটি পাড়া-মহল্লায় এ ধরনের প্রতিযোগিতা ছড়িয়ে দেওয়া গেলে তরুণদের সুস্থ জীবন গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।
উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল মান্নান মুকুল বলেন, খেলাধুলার চর্চা কমে যাওয়ায় অনেক তরুণ মাদকের ঝুঁকিতে পড়ছেন। তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে হাডুডুসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, প্রত্যেককে নিজ নিজ পাড়া-মহল্লায় নিয়মিত খেলাধুলার আয়োজন করতে হবে। এর মাধ্যমে তরুণদের জন্য সুস্থ বিনোদন ও শারীরিক চর্চার সুযোগ তৈরি করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে উদ্বুদ্ধ করা সম্ভব হবে।
খেলা পরিচালনা করেন মহব্বত আলী। তাঁর সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মশিউর রহমান। প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন করতে স্থানীয় ব্যক্তিরা সার্বিক সহযোগিতা করেন।