ধরলা পোস্ট ডেস্ক :
ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে নির্মিত হচ্ছে বহুল আলোচিত সিনেমা। মুক্তির আগেই সিনেমাটির বিশাল বাজেট ও তারকাদের পারিশ্রমিক নিয়ে চলছে আলোচনা। পরিচালক নীতেশ তিওয়ারির এই সিনেমার দুই পর্ব নির্মাণ ও বিশ্বব্যাপী প্রচারে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ হাজার কোটি রুপি।
প্রযোজক নমিত মালহোত্রার তথ্য অনুযায়ী, দুই পর্বের সিনেমাটির বাজেট প্রায় ৫০ কোটি মার্কিন ডলার।
রণবীর কাপুরের পারিশ্রমিক ১৫০ কোটি রুপি
সিনেমায় ভগবান রামের চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুই পর্বে অভিনয়ের জন্য তাঁর পারিশ্রমিক ১৫০ কোটি রুপি। অর্থাৎ, প্রতি পর্বের জন্য তিনি পাচ্ছেন ৭৫ কোটি রুপি। তবে পারিশ্রমিকের এই অঙ্ক আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
ইয়াশের পারিশ্রমিক নিয়ে ভিন্ন তথ্য
সিনেমাটিতে রাবণের চরিত্রে অভিনয় করছেন দক্ষিণ ভারতীয় তারকা ইয়াশ। অভিনয়ের পাশাপাশি তিনি সিনেমাটির সহপ্রযোজকও। তাঁর পারিশ্রমিক নিয়ে সংবাদমাধ্যমে পাওয়া গেছে ভিন্ন ভিন্ন তথ্য।
কিছু প্রতিবেদনে বলা হয়েছে, দুই পর্বে অভিনয়ের জন্য ইয়াশ ১০০ কোটি রুপি পেতে পারেন। অন্যদিকে, মিন্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, অভিনয়ের জন্য নির্দিষ্ট পারিশ্রমিকের পরিবর্তে তিনি সিনেমার লাভের অংশীদার হতে পারেন। ফলে তাঁর প্রকৃত পারিশ্রমিক সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
অন্য তারকাদের পারিশ্রমিক কত?
সিনেমায় সীতার চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী। বিভিন্ন প্রতিবেদনের দাবি, দুই পর্ব মিলিয়ে তাঁর পারিশ্রমিক ১২ কোটি রুপি। হনুমানের চরিত্রে অভিনয় করা সানি দেওলের পারিশ্রমিক ৪০ কোটি রুপি বলে খবর প্রকাশিত হয়েছে।
এ ছাড়া লক্ষ্মণের চরিত্রে রয়েছেন রবি দুবে। দুই পর্বে অভিনয়ের জন্য তাঁর পারিশ্রমিক ২০ কোটি রুপি বলে বিভিন্ন সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে। তবে এসব পারিশ্রমিকের অঙ্কও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়।
কবে মুক্তি পাবে ‘রামায়ণ’?
সিনেমাটি প্রযোজনা করছে নমিত মালহোত্রার প্রাইম ফোকাস স্টুডিওস ও ইয়াশের মনস্টার মাইন্ড ক্রিয়েশনস। এর ভিজ্যুয়াল ইফেক্টসের দায়িত্বে রয়েছে ডিএনইজি।
পরিকল্পনা অনুযায়ী, ‘রামায়ণ’-এর প্রথম পর্ব বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ৫ নভেম্বর ২০২৬। দ্বিতীয় পর্ব মুক্তির পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের দীপাবলিতে। তবে দ্বিতীয় পর্বের মুক্তি ২০২৮ সাল পর্যন্ত পিছিয়ে যেতে পারে বলেও বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।
বিশাল বাজেট, তারকাদের উপস্থিতি ও আধুনিক ভিজ্যুয়াল ইফেক্টসের কারণে মুক্তির আগেই সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।