রংপুর প্রতিনিধি, ধরলা পোস্ট: রংপুরের মিঠাপুকুর উপজেলায় গরু চোর সন্দেহে উত্তেজিত জনতার গণপিটুনিতে খালিদ হাসান নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত খালিদ হাসানের বাবা স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন।
সোমবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ২ নম্বর রানীপুকুর ইউনিয়নের মাদারপুর (খিয়ারচড়া) গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সোমবার ভোরে মাদারপুরের খিয়ারচড়া এলাকায় স্থানীয় কিছু লোক গরু চোর সন্দেহে খালিদ হাসানকে আটক করে। একপর্যায়ে বিক্ষুব্ধ ও উত্তেজিত জনতা তাঁকে ঘিরে ধরে এলোপাতাড়ি মারধর ও গণপিটুনি দেয়। গণপিটুনিতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত খালিদ হাসানের মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে মরদেহটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।