ধরলা পোস্ট ডেস্ক:
পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে জব্দ করা মাছ মাদ্রাসা ও এতিমখানায় বিতরণের পর ব্যক্তিগতভাবে ভাগ করে নেওয়ার অভিযোগে এক মাদ্রাসাশিক্ষকসহ দুজনকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ অনিয়মের বিষয়টি সামনে আসে।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর আওতায় নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে আহরণ করা প্রায় ২৫ কেজি ইলিশসহ অন্যান্য মাছ জব্দ করা হয়। পরে এসব মাছ রতনদী তালতলী ইউনিয়নের বন্যাতলী খেয়াঘাটসংলগ্ন তিনটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
কিন্তু একটি মাদ্রাসার জন্য বরাদ্দ করা মাছ প্রতিষ্ঠানে না নিয়ে ব্যক্তিগত বাড়িতে নেওয়ার তথ্য পায় প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে রাত ৯টার দিকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালানো হয়।
এ সময় মোহাম্মদ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসাটি তালাবদ্ধ পাওয়া যায়। পরে ওই প্রতিষ্ঠানের শিক্ষক মো. আব্দুল্লাহকে (২৭) ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি মাছ বাড়িতে নেওয়ার কথা স্বীকার করেন। প্রশাসন জানতে পারে, মাদ্রাসাটি আবাসিক নয়।
জিজ্ঞাসাবাদে আব্দুল্লাহ জানান, তিনি ও আবুল হোসেন (৫৫) বিতরণের জন্য পাওয়া মাছ নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন। তবে অন্য দুটি মাদ্রাসা ও এতিমখানায় বরাদ্দ করা মাছ যথাযথভাবে পৌঁছেছে বলে নিশ্চিত হয় প্রশাসন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন জানান, মাদ্রাসার জন্য বরাদ্দ করা মাছ ব্যক্তিগতভাবে নিয়ে যাওয়ার প্রমাণ পাওয়ায় মো. আব্দুল্লাহ ও আবুল হোসেনকে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।