বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি, ধরলা পোস্ট: কৃষকদের কাছে সরকার নির্ধারিত নির্ধারিত মূল্যে সার বিক্রি না করে অবৈধভাবে কালোবাজারে বেশি দামে বিক্রির অপরাধে রংপুরের বদরগঞ্জে এক সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার রাধানগর ইউনিয়নের পাঠানেরহাট-সংলগ্ন মেসার্স কুন্ডু ট্রেডার্স নামে ওই বিসিআইসি সার ডিলারের বিক্রয়কেন্দ্রে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড প্রদান করা হয়।
তবে প্রশাসনিক অভিযানের খবর টের পেয়ে বিক্রয়কেন্দ্র খোলা রেখেই কৌশল অবলম্বন করে ঘটনাস্থল থেকে চম্পট দেন অভিযুক্ত ডিলার। অনিয়মের এই ঘটনা সামনে আসার পর সারের কৃত্রিম সংকট ও ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিয়ে স্থানীয় কৃষকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে বদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা কৃষি কর্মকর্তা যৌথভাবে মেসার্স কুন্ডু ট্রেডার্সের বিক্রয়কেন্দ্রে এক ঝটিকা অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সরেজমিন তদন্তে সাধারণ কৃষকদের সার না দিয়ে গোপনে কালোবাজারে সার বিক্রির সত্যতা ও রেজিস্টার সংক্রান্ত নানাবিধ গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া যায়। পরবর্তীতে কৃষি ও প্রশাসনিক অপরাধের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয় প্রশাসন ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালত আসার খবরে ডিলার দোকান খোলা রেখে সটকে পড়েন। তবে ঠিক কত বস্তা সার অবৈধভাবে কালোবাজারে বিক্রি করা হয়েছে বা এ কারসাজির সঙ্গে আর কোনো প্রভাবশালী চক্র জড়িত আছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
ঘটনার বিষয়ে সবুজ নামে স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই ডিলার দীর্ঘদিন ধরে সাধারণ কৃষকদের সাথে এমন প্রতারণা করে আসছেন। সার দোকানে থাকার পরও সাধারণ মানুষকে ফেরত দেন।”
রুহুল আমিন নামের আরেক কৃষক বলেন, “তাঁর কাছে সার কিনতে গেলে প্রায় সময় দোকানে পর্যাপ্ত মজুত থাকার পরও সাফ জানিয়ে দেন ‘সার নেই’। পরে রাতের আঁধারে সেই সার বেশি দামে কালোবাজারিতে বিক্রি করে দেন।”
বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সেলিনা আফরোজ জানান, “সরকারি নির্দেশনা অমান্য ও সারের বাজারে অনিয়মের প্রমাণ মেলায় মেসার্স কুন্ডু ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে তাকে সতর্ক করা হয়েছে ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার জন্য। এর পরও যদি পুনরায় একই অনিয়ম করা হয়, তবে আইন অনুযায়ী তাঁর ডিলারশিপ বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে অভিযুক্ত সার ডিলার ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়ের বিষয়টি স্বীকার করলেও কৃষকদের অভিযোগ ও সার কালোবাজারে বিক্রির বিষয়টি অস্বীকার করেছেন।