রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি, ধরলা পোস্ট: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জিঞ্জিরাম নদীর পানিতে ডুবে আব্দুল্লাহ (৬) ও নাঈম (৫) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুরা সম্পর্কে চাচাতো ভাই।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের বামনের চর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু আব্দুল্লাহ ওই এলাকার নুরুজ্জামানের ছেলে এবং নাঈম একই এলাকার নবীন চাঁনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শিশু দুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে সবার অগোচরে তারা বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া জিঞ্জিরাম নদীর পানিতে পড়ে তলিয়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর নদী থেকে তাদের উদ্ধার করলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি। পানিতে ডুবেই তাদের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।