তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি, ধরলা পোস্ট: রংপুরের তারাগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দেওয়া একটি যাত্রীবাহী বাসের চালকের সহকারী (হেলপার) এনামুল হক (২৭) নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ইকরচালি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল হকের বাড়ি রংপুর সদর উপজেলার পাগলাপীর এলাকায়। বর্তমানে তাঁর মরদেহ তারাগঞ্জ হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ‘এ আর ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে সজোরে ধাক্কা দেয়। এ সময় বিকট শব্দে বাসটি থেকে ছিটকে রাস্তায় পড়ে যান হেলপার এনামুল হক। পরে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর করুণ মৃত্যু হয়। ওই সময় বাসে থাকা অন্য যাত্রীরাও আতঙ্কিত হয়ে পড়েন এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন।
ঘটনার প্রত্যক্ষদর্শী সৈকত আলী জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা খাওয়ার পর বিকট শব্দ শুনে তাঁরা দ্রুত ছুটে যান। গিয়ে দেখেন বাসের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তি রাস্তায় পড়ে আছেন। ওই বাসে অনেক যাত্রী ছিলেন এবং দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১৫ জনকে তারাগঞ্জ উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকিদের রংপুর মেডিকেল কলেজসহ বিভিন্ন স্থানে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের স্থানীয় হাসপাতাল ও মেডিকেলে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।