ধরলা পোস্ট অনলাইন :
গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার, কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে কুড়িগ্রামে গণসমাবেশ করেছে খেলাফত মজলিস।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর ২টায় কুড়িগ্রাম শহরের শহীদ মিনার-সংলগ্ন শাপলা চত্বরে খেলাফত মজলিস কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মাওলানা আবু সাঈদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
কুড়িগ্রাম জেলা খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাজুর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য মাস্টার মো. সিরাজুল ইসলাম, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আব্দুল করীম, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, খেলাফত মজলিসের রংপুর বিভাগের সহকারী জোন পরিচালক মো. সবেবর রহমান ও অধ্যক্ষ এ.কে.এম. গোলাম আযম, রংপুর মহানগর সভাপতি উপাধ্যক্ষ মো. তৌহিদুর রহমান মণ্ডল রাজু, রংপুর জেলা সভাপতি মাওলানা আশরাফুল ইসলাম, আহমদ আলী, জাতীয় নাগরিক পার্টির কুড়িগ্রাম জেলা সভাপতি মুকুল মিয়া, গাইবান্ধা জেলা সভাপতি অধ্যাপক আব্দুল হামীদ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান।
এ ছাড়া কুড়িগ্রাম জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক কাজী মাওলানা নুরুজ্জামান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রহমান পারভেজসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবি জানান। একই সঙ্গে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম কমানো এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করা, মাদক নির্মূল, অপরাধ দমন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইনের শাসন নিশ্চিত করার আহ্বান জানান।
এ ছাড়া কওমি মাদ্রাসাগুলোতে সরকারি আর্থিক সহায়তা প্রদান, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করা এবং কওমি সনদের পূর্ণাঙ্গ স্বীকৃতি দিয়ে সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ নিশ্চিত করার দাবিও তুলে ধরা হয়। সমাবেশে খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।