কুড়িগ্রাম প্রতিনিধি ও ধরলা পোস্ট :
কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ওষুধ, কসমেটিকস, মোবাইল ফোন ও গবাদিপশু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সদস্যা এসব ঘটনায় গাঁজা পাঁচারে জড়িত থাকার অভিযোগে মারুফ হোসেন ওরফে সুরুজ (২২) নামের এক যুবককে আটক করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর) বিকালে কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা, ময়দান, শালঝোড় ও উত্তর ধলডাঙ্গা এবং নাগেশ্বরী উপজেলার মাদারগঞ্জ সীমান্ত ফাঁড়ির আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি।
এসব অভিযানে ৩ কেজি গাঁজা, ৩ হাজার ৫৫৫ পিস ওষুধ, ৮০ পিস কসমেটিকস, দুটি মোবাইল ফোন ও একটি গরু জব্দ করা হয়। এ ছাড়া গাঁজা পাচারে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে। উদ্ধার করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ২২ হাজার ২১০ টাকা।
অন্যদিকে, গাঁজা পাচারে জড়িত থাকার অভিযোগে আটক মারুফ হোসেন ওরফে সুরুজ ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গার ঝালবাজার এলাকার মৃত নুর হোসেনের ছেলে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জানান, আটক যুবকের বিরুদ্ধে বিজিবি মামলা দায়ের করে থানায় হস্তান্তর করেছে।