ধরলা পোস্ট ডেস্ক :
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ২৬ হাজার ৭৯০ টাকা, একটি পালসার মোটরসাইকেল ও চারটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রেজাউল করিম রাজুর বিরুদ্ধে ২০টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার কানিপাড়া বদিজমাপুর গ্রামের রাজুর বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। সহকারী পুলিশ সুপার (নাগেশ্বরী সার্কেল) গোলাম মোর্শেদের নেতৃত্বে নাগেশ্বরী থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. রেজাউল করিম রাজু (৫০), মো. ফজলে মিয়া (৪৮) ও মো. রাসেল মিয়া (৩৫)। ফজলে মিয়া নাগেশ্বরীর কাজিপাড়া এলাকার এবং রাসেল মিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বালাসিপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম, লালমনিরহাটসহ সীমান্তবর্তী এলাকা এবং রাজধানী ঢাকায় মাদক সরবরাহ ও ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদ জানান, অপরাধী তথ্য ব্যবস্থাপনা ব্যবস্থা (সিডিএমএস) পর্যালোচনা করে রেজাউল করিম রাজুর বিরুদ্ধে ২০টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে। এসব মামলা নাগেশ্বরী ও কুড়িগ্রাম থানা, লালমনিরহাট সদর থানা এবং ঢাকা মহানগর পুলিশের ভাটারা থানায় দায়ের করা হয়েছে। ফজলে মিয়ার বিরুদ্ধেও নাগেশ্বরী থানায় একটি মাদক মামলার তথ্য রয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নাগেশ্বরী থানায় মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
কুড়িগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।