কুড়িগ্রাম প্রতিনিধি :
শিক্ষার্থীদের গণিতভীতি দূর করে গণিতচর্চায় আগ্রহী করে তোলা এবং মেধা বিকাশের লক্ষ্যে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে গণিত অলিম্পিয়াড। এতে দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বুধবার (৪ নভেম্বর) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার দাশেরহাট উচ্চ বিদ্যালয়ে এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচি, কুড়িগ্রামের উদ্যোগে এ অলিম্পিয়াডের আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। পরে চারটি গ্রুপে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। এতে বিজয়ী ১২ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এ সময় উপস্থিত ছিলেন দাশেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলজার হোসেন, সহকারী শিক্ষক মিজানুর রহমান, এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচি কুড়িগ্রামের সহকারী প্রোগ্রাম অফিসার ফাহমিদা হামিদ ও রিয়াদ উদ্দিন এবং সিএফই ভলান্টিয়ার রেজওয়ানুল হক নুরনবী প্রমুখ।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে গণিতভীতি দূর করা, গণিতের প্রতি ইতিবাচক মনোভাব তৈরি এবং যুক্তিনির্ভর চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।