অনিল চন্দ্র রায় :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ ধারায় অপরাধের দায়ে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদ হাসান। দণ্ডপ্রাপ্ত আবুল কাশেম লালমনিরহাটের বড়বাড়ী ইউনিয়নের বিদ্যাবাগিশ গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদ হাসান বলেন, নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকার সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের বিপজ্জনক পদ্ধতিতে মাছ ধরার ফলে শুধু মাছই নয়, অন্যান্য জলজ প্রাণী ও নদীর জীববৈচিত্র্যও মারাত্মক হুমকির মুখে পড়ে। এতে প্রাকৃতিক মৎস্যসম্পদ ধ্বংসের পাশাপাশি জলজ পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি আরও বলেন, নদী ও জলাশয়ের মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধভাবে মাছ শিকার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।